রোগীদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করতে হবেঃ ডা. হাসান শাহরিয়ার কবীর
বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেছেন, গ্রামাঞ্চলে সড়ক দূর্ঘটনায় আঘাতপ্রাপ্ত,আগুনে পোড়া, সাপে কাটা, প্রাণীকৃত দংশন ও পানিতে ডুবে আহত সকল রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বিলম্ব না করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে হবে। আঘাতপ্রাপ্ত রোগী নিয়ে কোনো ভাবে অবহেলা করা যাবেনা। রোগীকে বাঁচাতে সাধ্যমতে চেষ্টা চালিয়ে যেতে হবে।
রোববার (১৯ জুলাই) সকাল ১১ টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ” আঘাত প্রতিরোধ বিষয়ক ” চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে রোগীদের সুচিকিৎসায় মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতালে ও করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এমন হাসপাতালের ন্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও সবসময় পর্যাপ্ত পরিমানে অক্সিজেন ও অন্যান্য সরঞ্জামাদি মজুদ রাখতে হবে।সাইয়েন্টিফিক মাস্ক পরিধান ছাড়া কোনো রোগী স্পর্শ করা যাবেনা।ফাইল পত্র ব্যবহারসহ ঘরে বাইরে সব সময় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। করোনা থেকে রক্ষা পেতে সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা.শেখ ফজলে রাব্বির সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফৌজদারহাটস্থ ইনস্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি (আইএইচটি) এর অধ্যক্ষ ডা. রাখাল চন্দ্র বড়ুয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. মোঃ নুরুল হায়দার। কর্মশালায় আরও অংশ গ্রহণ করেন চট্টগ্রামের আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অফিসার ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাগন।