নগরীতে ৩ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের ৯০ হাজার টাকা জরিমানা
স্বাস্থ্যবিধি না মেনে রেঁস্তোরা পরিচালনা করার দায়ে ও উৎপাদিত ফিরনিতে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ৩ টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসনের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান এ অভিযান পরিচালনা করেন বলে জানা যায়।
জানা যায়, নগরীর ওয়াসা মোড়ের কুটুমবাড়ী রেঁস্তোরার ব্যবস্থাপক থেকে শুরু করে কর্মচারী কেউই স্বাস্থ্যবিধি মানছে না। কারো কাছেই মুখে মাস্ক ও হাতে হ্যান্ড গ্লাভস পাওয়া যায়নি। ফ্রিজে মাছ ও মাংসের সাথে অপরিচ্ছন্ন উপায়ে রাখা হয়েছে আটার খামি ও অন্যান্য মশলা জাতীয় দ্রব্য। এছাড়াও নিজস্ব উৎপাদিত ফিরনিতে নেই উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার জরিমানা করা হয়।
একই সময় ওই এলাকায় অবস্থিত স্বনামধন্য কুপার্স ও ডুলছে নামের দুটি বেকারিতেও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় প্রতিষ্ঠান দুটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউটের (বিএসটিআই) লাইসেন্স ছাড়া মিল্ক ব্রেড উৎপাদন ও বাজারজাত করণে এবং (বিএসটিআই) এর লোগো ৩৮৩ যা বিস্কুটের ক্ষেত্রে প্রযোজ্য সেটা কেকে লাগিয়ে বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠান দুটিকেও ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান বলেন, স্বাস্থ্যবিধি মানছিল না ওয়াসা মোড়ের কুটুমবাড়ী রেঁস্তোরা। যার কারণে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কুপার্স ও ডুলছে নামের দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটি বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া মিল্ক ব্রেড উৎপাদন ও বাজারজাত করছিল।