করোনায় ১১৮ দিনেই মৃত্যু ২ হাজার ছাড়ালো
চলতি বছরের ৮ মার্চ থেকে বাংলাদেশের করোনার প্রাদুর্ভাব শুরু হয়। শুরুর ১১৮ দিনের মধ্যে মৃত্যু ২ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৫৫ জন মারা গেছে। নিহতদের মধ্যে ৩৭ জন পুরুষ, ১৮ জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭ জনে।
রোববার (৫ জুলাই) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯০৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৭২ হাজার ৬২৫ জন। নতুন করে সারা দেশে ১৩ হাজার ৯৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৬৮টি ল্যাবে ১৩ হাজার ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৪৬ হাজার ৬২ জনের নমুনা।