হাটহাজারীতে ওএমএস এর ৬৭ বস্তা চাল উদ্ধার
সরকার প্রদত্ত দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে বিক্রির চাল ডিলার ব্যবসায়ী যোগসাজসে ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল মুদি দোকানে। এসময় গরীবের চাল লুটপাটের চিত্র উদ্ঘাটন করেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। শুক্রবার (১৯ জুন) রাতে হাটহাজারী উপজেলা সদর এবং বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেইট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬৭ বস্তা সরকারি ওএমএস এর চাল উদ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে হাটহাজারীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় একটি মুদি দোকানে অভিযান চালিয়ে প্রথমে আকতার সওদাগরের মালিকানাধীন দোকান থেকে ৭ বস্তা চাল জব্দ করা হয়। পরে ওই ব্যবসায়ীর দেয়া তথ্য অনুযায়ী উপজেলা সদরের লোকমানিয়া স্টোর নামের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে ওই ব্যবসায়ীর গোডাউনে পাওয়া যায় আরো ৬০ বস্তা চাল। এ সময় গোডাউনের মালিক ও চালের ডিলার ইউসুফ পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, অভিযানে সর্বমোট ৬৭ বস্তা সরকারি ওএমএসএর চাল উদ্ধার করা হয়েছে। এই চাল দোকানে বিক্রির অপরাধে ডিলার ইউসুফের বিরুদ্ধে উপজেলা খাদ্য কর্মকর্তা মামলার প্রস্তুতি নিচ্ছেন।