করোনায় আক্রান্ত সাংবাদিক বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী
করোনা ভাইরাসে(কোভিড-১৯) এ আক্রান্ত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। শুক্রবার (১৯ জুন) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কামাল লোহানীর ছেলে সাগর লোহানী।
এসময় তিনি বলেন, শুক্রবার আমরা বাবার করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার চেষ্টা চলছে। গত বুধবার (১৭ জুন) সকালে বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটায় হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ওনার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। গত মাসেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানান তিনি।
কামাল লোহানী সাংবাদিকতা শুরু করেন দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে। এরপর তিনি আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালনও করেছেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই বার মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হিসেবে এবং ছায়ানটের সম্পাদক হিসেবে চার বছর করে দায়িত্ব পালন করেন। উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টাও ছিলেন কামাল লোহানী।