মজুদকৃত ৬০ বস্তা চালসহ দুইজনকে আটক করেছে র্যাব
মিরসরাইয়ে মজুদকৃত সরকারি ৬০ বস্তা চালসহ দুইজনকে আটক করেছে র্যাব-৭ (ফেনী)এর একটি দল।
বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের একটি গোডাউন থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন দক্ষিণ ওয়াহেদপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে নুরুজ্জামান নুরু (৩৮) ও জাকির হোসেনের পুত্র আলাউদ্দিন (২৮)। আটক নুরুজ্জামান ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ছোটক কমলদহ বাজার কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এই বিষয়ে র্যাব-৭ এর (ফেনী) ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় সরকারি চাল মজুদ রাখার সঙ্গে জড়িত নুরুজ্জামান ও তার সহযোগী আলা উদ্দিনের আটক করা হয়। এরপর নুরুজ্জামানের বাড়ির সামনে অবস্থিত গোডাউন থেকে ৬০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার চালের পরিমান ১৫৮৩ কেজি।
তিনি আরও বলেন, কিছু চালের বস্তায় সরকারি দপ্তরের সিল রয়েছে। বেশিরভাগ চালের বস্তা পরিবর্তন করে আগুনে পুড়িয়ে ফেলেছে বলে স্বীকার করেন আটককৃত নুরুজ্জামান। চালগুলো সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী না জনপ্রতিনিধি থেকে নিয়েছেন কি না তা আমরা খতিয়ে দেখছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান চাল ছাড়াও বিভিন্ন পণ্য লুটের সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেন। চালকদের সঙ্গে আঁতাত করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থেকে রড, সয়াবিন তেল, ডাল, চিনি সহ বিভিন্ন পণ্য লুট করে। এছাড়া চোরাই তেল পেট্রোল ব্যবসার সঙ্গে জড়িত বলে নুরুজ্জামান র্যাবের কাছে স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, চাল উদ্ধার ও আটকের বিষয় শুনেছি। তবে র্যাব আমাদের আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেনি।