কুকুরকেও দাঁড়িয়ে খাওয়ালেন মেয়র নাছির
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতের কারণে নগরের অভুক্ত কুকুরদের রান্না করা খাবার দিচ্ছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শুক্রবার (৮ মে) দুপুরে কাজীর দেউড়ির এমএ আজিজ স্টেডিয়াম এলাকায় নিজে দাঁড়িয়ে থেকে কুকুরদের খাওয়ান মেয়র। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, মোহাম্মদ ফারুক, ছাত্রনেতা দিদারুল আলম, হেলাল উদ্দিন, যুবলীগ নেতা মামুনুর রশীদ মামুন, মো. আনিছ, জসিম উদ্দিন, পেয়ারু, মোশাররফ হোসেন লিটন, টিপু দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
মেয়রের উদ্যোগে কুকুরদের জন্য প্রতিটি পাড়া মহল্লায় ১ মাস ধরে খাবার বিতরণ চলছে। রান্না করা খাবারগুলো প্রতিদিন বিভিন্ন পশুপ্রেমী ব্যক্তি ও সংশ্লিষ্ট সংগঠনের মাধ্যমে পরিবেশন করা হচ্ছে।
মেয়র বলেন, দীর্ঘ প্রায় দুই মাস ধরে অঘোষিত লকডাউনের কারণে দেশের প্রাণীকুল বিশেষ করে কুকুরগুলো অভুক্ত অবস্থায় অসহায়ভাবে দিন পার করছে। দোকাপাট রেস্তোরাঁগুলো বন্ধ থাকায় কুকুরগুলো এখন খেতে না পেয়ে অসহায় হয়ে পড়ছে। জ্বালাতন করছে পাড়া প্রতিবেশীদের।
আমাদের চিন্তা করতে হবে তাদেরও প্রাণ আছে,বেঁচে থাকার জন্য তাদেরও খাদ্যের প্রয়োজন। স্বাভাবিক অবস্থায় এ কুকুরগুলো প্রতিদিন গড়ে এক কেজি ময়লা আবর্জনা খেয়ে আমাদের পরিচ্ছন্ন কাজের অংশীদারিত্ব করছে। সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা মানুষের জন্য সাহায্য নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছি সেভাবে অসহায় পশু-পাখি, বিড়াল-কুকুরকেও আমাদের খাবার দিয়ে বাঁচিয়ে রাখা উচিত। কারণ পৃথিবীর ভারসাম্য রক্ষায় সব প্রাণীরই প্রয়োজন রয়েছে। আর কুকুরতো প্রভুভক্ত একটি প্রাণী।