সেহরি তৈরির রান্নাঘর পরিদর্শনে অভিভূত এমপি ফজলে করিম
জে.জাহেদ, সিনিয়র রিপোর্টার:
মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জন্য কাজ করে যাওয়া এক অনন্য অনুপ্রেরণার নাম মাদার তেরেসা। ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার জিতে আজীবন ভালোবাসা-স্নেহ-মমতা বিলিয়ে যাওয়া এই মানুষটি বলে গেছেন, আমি এমন কিছু করতে পারি যা আপনি পারেন না, আবার আপনিও এমন অনেক কিছু করতে পারেন যা আমি কখনো করতে পারব না। তবে একসাথে মিলে আমরা চাইলে অসাধারণ কিছু করে ফেলতে পারি। সত্যিই তাই করে দেখালেন রাউজানের ফারাজ করিম চৌধুরী।

তিনি উদ্যোগ নিলেন করোনা ভাইরাস রোগীদের সেবা প্রদানে ফ্রন্টলাইনে থাকা চট্টগ্রামের ২ হাজার চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পুরো রমজান মাস জুড়ে সেহরি খাওয়ানোর ব্যবস্থা করবেন। ঠিকেই কথা মতো সেই কার্যক্রমও চলমান রয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাতে রাউজান উপজেলার দায়ার ঘাটাস্থ আল আমিন কমিউনিটি সেন্টারে আকস্মিক ভাবে সেহেরি খাবার তৈরীর সেই রান্নাঘর পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আধুনিক রাউজানের রুপকার এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

পরিদর্শনকালে তিনি রান্নাঘরে স্বেচ্ছাশ্রমে কাজ করা যুবকদের সাথে মত বিনিময় করেন। এ সময় এমপি বলেন, করোনা পরিস্থিতিতে কঠিন জীবনের বাস্তবতায় পবিত্র রমজান মাসে মানুষের জন্য সেহরি তৈরির কাজ কে আমি অভিনন্দন জানাই।
তিনি অনুপ্রাণিত করে আরো বলেন, মানুষ হতে হলে মানুষের জন্য টান থাকতে হবে। তোমাদের এই মানবসেবা দেখে সত্যিই আমি আনন্দিত আর অভিভূত। এভাবে একেকটি ভালো কাজের মধ্য দিয়ে একদিন মানবপ্রেম পৃথিবীময় ছড়িয়ে পড়বে। এক পর্যায়ে মানবিক এই কার্যক্রম পরিদর্শনে গিয়ে নিজেই আবেগাপ্লুত হয়ে এমপি নিজেই সেহরি খাবারের প্যাকে তৈরী করেন।
এসব চিত্র দেখে পেশাজীবী সাংবাদিক নিরুপম দাশ গুপ্ত তাঁর ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, ‘বাংলাদেশে এই মূহূর্তে এ ধরনের কোনো মানবিক আয়োজন আর কোনো উপজেলা দূরে থাক, জেলাতেও হচ্ছে বলে আমার মনে হয় না।’ মাদার তেরেসা বলেছিলেন, যে জীবন অপরের জন্য না, সেটি কোন জীবন না। সত্যিই তা উপলব্ধি করেছেন ফারাজ।

প্রসঙ্গত, করোনা যুদ্ধে প্রাণ হারানো প্রথম চিকিৎসক ডা. মঈনের স্মৃতির প্রতি ভালোবাসা জানিয়ে চট্টগ্রাম শহর জুড়ে এই ব্যতিক্রমী মানবিক কার্যক্রম শুরু করেন চট্টগ্রাম রাউজানের তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। যিনি এ বি এম ফজলে করিম চৌধুরী’র এমপি জেষ্ঠ্য সন্তান।