কর্ণফুলীতে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের মারামারি, আহত-২
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার জুলধায় দুই হিন্দু পরিবারের মাঝে জমি সংক্রান্ত বিরোধ ও বাড়ির পাশে গাছ রাখার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দু’জন আহত হওয়ার খবর পাওয়া যায়।
ঘটনার সত্যতা জানিয়েছেন শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দীন। আহতরা হলেন-শুভদাশ (২৫) ও সৌবন দাশ (২১)। এদের মধ্যে শুভদাশ এর অবস্থা গুরুতর এবং চমেক হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায়।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপর ১টায় দিকে জুলধা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হিন্দু পাড়ায় এই মারামারির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুলধার হিন্দু পাড়ার কুঞ্জ ও শুভ দাশের বাড়ি পাশাপাশি। বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে জমিজামা নিয়ে ঘেঁষাঘেষি ও বিরোধ চলছে। ঘটনার দিন বাড়ির পাশে গাছ রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পুর্ব শত্রুতার জের ধরে হঠাৎ উত্তেজিত হয়ে কুঞ্জের নেতৃত্বে যুবরাজ, চন্দন ও ধর্মরাজসহ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায় শুভদাশ ও সৌবন দাশের উপর। এতে শুভ দাশের মাথায় সজোরে আঘাত লাগলে সাথে সাথে মাথা ফেটে রক্ত বের হয়। পরে পাশের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয় এবং তার মাথায় ১২টি সেলাই দেয়া হয়েছে বলে সূত্রে জানায়।
হাসপাতালে থাকা আহতদের স্বজন নীলয় নীল জানান, সীমানা ঘেঁষে গাছ রাখায় দু’পক্ষের কথা কাটাকাটি হলে এক পর্যায়ে বাধা প্রদান করলে মারামারির ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. ওসমান জানান, মারামারি হয়েছে শুনেছি তবে কেউ এসে জানায়নি। তারপরেও খবর নিয়ে দেখব।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে নিয়োজিত এএসআই আলা উদ্দিন তালুকদার জানান, কর্ণফুলী থেকে মারামারির ঘটনায় আহত হয়ে আসা দুজন লোক পাঁচ তলায় চিকিৎসা নিচ্ছেন। এখন আছে কিনা জানিনা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত কুঞ্জ ও যুবরাজের নাম্বারে কল করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তারা কথা বলতে রাজি হননি। এমনকি পুনরায় কল করা হলে তারা রং নাম্বার বলে ফোন কেটে দেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দীন, মারামারি হয়েছে খবর পেয়েছি। আহতের দ্রুত মেডিকেলে গিয়ে আগে চিকিৎসা নিতে বলেছি। পরবর্তীতে অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানান ফাঁড়ি আইসি।