নগরপিতা নয়, নগর সেবক হতে চান ডাঃ শাহাদাত


‘নগরপিতা নয়, নগর সেবক হতে চাই’ এটি আমার স্লোগান। এই একটি লাইন দিয়েই আমার সব বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে চাই।

সোমবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় প্রতীক বরাদ্দ পাওয়ার পর বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, কোন প্রতিদ্বন্দ্বীকে ছোট করে দেখছি না। স্মার্ট এবং সুন্দর নগরী গড়ার প্রত্যাশা করছি। আমি ডাক্তার এবং একজন সমাজকর্মী হিসেবে আমাদের প্রচারণার একটি অংশ থাকবে জনগণকে করোনা ভাইরাস নিয়ে সচেতন করা। যেহেতু পায়ে হেঁটে প্রচার প্রচারণায় জনসমাগম বেশি হবে তাই একটি ছোট ট্রাক নিয়ে প্রচারণা চালাবো। এছাড়া আমাদের প্রচারণার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাবো।

তিনি বলেন, উন্নয়নের যদি প্রশ্ন আসতো তাহলে বর্তমান মেয়রকে পরিবর্তন করতো না। কাজেই সরকার তার অবস্থান থেকে সরে গিয়ে প্রমাণ করেছে, চট্টগ্রামে উন্নয়ন হয়নি।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশে থেকে কাজ করতে চান বলে জানিয়েছেন নগর বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

এদিকে সোমবার (৯ মার্চ) দুপুরে নগরের শাহ ছুফি আমানত খান মাজার জিয়ারত শেষে গণসংযোগ শুরু করেন ডা. শাহাদাত। এসময় তিনি বলেন, ইতোমধ্যে দেশে তিনজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশে গবেষণা প্রতিষ্ঠান আছে, চিকিৎসকরা আছেন। তারা করোনা প্রতিরোধে কাজ করছেন।

তিনি বলেন, আজ মাজার জিয়ারতের মাধ্যমে বিএনপির গণসংযোগ শুরু হলো। আমরা আইনশৃঙ্খলাবাহিনীর কাছে গিয়েছি। তাদেরকে সমান সুযোগ তৈরি করার জন্য অনুরোধ করেছি। উৎসবমুখর পরিবেশ তৈরি করার জন্য বলেছি। আমরা চট্টগ্রামের ২০ লাখ ভোটারকে স্বাগত জানাচ্ছি, তারা যেন উৎসব করে কেন্দ্রে গিয়ে ভোট দেন।

ডা. শাহাদাত বলেন, দুই বছর ধরে দেশমাতা খালেদা জিয়া জেলে আছেন। জনগণ ভোট দিলে নির্বাচিত হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবো। খালেদা জিয়াকে মুক্ত করে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবো।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.