মুজিববর্ষের উৎসব ভারতকে বাদ দিয়ে করা যায় না


ভারতের সঙ্গে ১৯৭১ সালের রক্তের সম্পর্কের বন্ধুত্বকে বিসর্জন দিতে পারি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু। দেশটির সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক বিরাজমান। মুজিববর্ষের উৎসব ভারতকে বাদ দিয়ে করা যায় না।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলে শহীদ সেলিম-দেলোয়ার স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দিল্লিতে অভ্যন্তরীণ সংকট চলছে। পাশের ঘরে আগুন লাগলে সেই আগুনের আঁচ প্রতিবেশীর ঘরেও আসে। দিল্লির সংকট-রক্তপাত আর না বাড়িয়ে, দ্রুত এর সমাধান করতে আমরা আহ্বান জানাই। কিন্তু এর জন্য ১৯৭১ সালের রক্তের সম্পর্কের বন্ধুত্বকে বিসর্জন দিতে পারি না। মুজিববর্ষে মুজিব উৎসব পালিত হবে।

এই উৎসবে ভারতকে আমন্ত্রণ না জানালে তা হবে অকৃতজ্ঞতা; অবমাননা হবে বন্ধুত্বের প্রতি। কারণ, স্বাধীনতার সময় বিদেশি সাহায্য সহানুভূতি, আশ্রয় প্রশ্রয় দিয়েছে ভারত। অন্য কোনও দেশ এমন করে পাশে ছিল না। দুঃসময়ের বন্ধুদের বাদ দিয়ে মুজিববর্ষ আমরা পালন করতে পারি না।’


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.