অস্ট্রেলিয়া বাংলাদেশকে ১৯০ রানের লক্ষ্য ছুড়ে দিলো


নারী ক্রিকেটে এখনও অবিসংবাধিত শক্তিধর দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। চারবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি আজ বাংলাদেশ। কি করবেবাংলাদেশ? অস্ট্রেলিয়াকে কি হারাতে পারবে টাইগ্রেসরা? প্রশ্নের জবাব মিলবে হয়তো ম্যাচ শেষে। কিন্তু প্রথম ইনিংস শেষে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে কি দাঁড়াচ্ছে ম্যাচের পরিস্থিতি।

ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েদের ওপর রীতিমত ঝড় বইয়ে দেয় তারা। বিশেষ করে দুই ওপেনার অ্যালিসা হিলি এবং বেথ মুনি।

দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে ১৯০ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে স্বাগতিরা।

ওপেনিং জুটিতেই ১৫১ রান তুলে ফেলে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৭তম ওভারের শেষ বলে অসিদের একমাত্র উইকেটটির পতন ঘটান বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। ৫৩ বলে ৮৩ রান করে এ সময় আউট হন অ্যালিসা হিলি। ৫৮ বলে ৮১ রান করে অপরাজিত থেকে যান বেথ মুনি। এছাড়া গার্ডনার ৯ বলে করেন ২২ রান।

ভারতের কাছে ১৮ রানে পরাজয় দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। ভারতীয়দের করা ১৪২ রানের জবাবে বাংলাদেশ থেমেছিল ১২৪ রানে। দ্বিতীয় ম্যাচে আজ ১৯০ রানের বিশাল লক্ষ্য। প্রতিপক্ষ নারী ক্রিকেটে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। তাদের বিপক্ষে জয় নিশ্চিত অসম্ভব। সে জায়গায় লক্ষ্য প্রায় দু’শোর কাছাকাছি। সুতরাং, ফল কি হতে যাচ্ছে, তা যেন আগাম বলে দেয়া যায়।

এ রিপোর্ট লেখার সময় ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৬ রান তুলতেই হারিয়েছে ৩ উইকেট। ১৩ রান করে আউট হন শামীমা সুলতানা, ৮ রান করে আউট হন মুর্শিদা খাতুন, সানজিদা ইসলাম আউট হন ৩ রান করে। বাংলাদেশের দলীয় স্কোর এ সময় ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.