সাতকানিয়ায় দুই সহোদরকে গুলিবিদ্ধ করেছে চোরের দল
সাতকানিয়ায় গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গরুর মালিক দুই সহোদর ভাইকে গুলিবিদ্ধ করেছে চোরের দল। গুলিবিদ্ধরা হলেন উপজেলার ছদাহা ইউনিয়নের আজিমপুর দেওয়ান আলী সিকদার পাড়ার মৃত আবুল মকছুমের ছেলে মো. নাঈম উদ্দীন (২২) ও মো. মহিম উদ্দীন (২০)।
গত শুক্রবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মণ্ডল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে আহত মহিম উদ্দীন বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
জানা যায়, উপজেলার ছদাহা ইউনিয়নের আজিমপুর দেওয়ান আলী সিকদার পাড়ার মৃত আবুল মকছুমের গোয়াল ঘর ভেঙ্গে একটি বাছুরসহ ৪টি গরু নিয়ে যায় চোরের দল। রাতে গোয়াল ঘরে গরু দেখতে না পেয়ে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে খোঁজাখুজি করতে বের হয় আহত দুই সহোদর।
খোঁজাখুজির একপর্যায়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মণ্ডল পাড়া এলাকায় পৌঁছলে তারা চোরের দলকে পিকআপযোগে গরু নিয়ে যেতে দেখে। এসময় দুই সহোদর মিলে এক চোরকে জাপটে ধরে। অন্য এক চোরের হাতে থাকা বন্দুক দিয়ে দুই সহোদরের উপর গুলিবর্ষণ করে। এতে বড় ভাই নাঈম উদ্দীন বাম পায়ে, বুকে ও বাম কানে এবং ছোট ভাই মহিম উদ্দীন ডান হাতের আঙ্গুল ও পেটের ডানপাশে গুলিবিদ্ধ হন। এ ফাঁকে চোরের দল তড়িঘড়ি করে পিকআপ ভর্তি ৩টি গরু নিয়ে চম্পট দেয়। চোরের দল তাড়াহুড়ার মধ্যে মহাসড়কের উপর বাঁছুরটি ফেলে যায়।।
পরে উপস্থিত লোকজন গুলিবিদ্ধ ২ সহোদরকে উদ্ধার করে প্রথমে কেরানীহাট আশ-শেফা হাসপাতাল, সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে মামলার বাদি মো. মহিম উদ্দীন বলেন, ঘটনার দিন রাতে আমি মাকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়ি। বড় ভাই বাড়ির পাশ্ববর্তী একটি ওরশ মাহফিলে ছিল। ঘরের সাথে লাগোয়া গোয়াল ঘর থেকে ছাগলের ডাক শুনে আমার ঘুম ভেঙ্গে যায়। বিছানা থেকে উঠে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে দেখি ঘরের বাইরে দরজায় আংটা লাগানো।
পরে বড় ভাইকে মোবাইলে ফোন করলে তিনি ঘরে এসে দরজা খুলে দিলে দেখি গোয়াল ঘরের দরজা ভাঙ্গা-গরু নাই। পরে স্থানীদের নিয়ে গরু খুঁজতে খুঁজতে মহাসড়কের মন্ডলের পাড়া এলাকায় গেলে দেখতে পাই, পিকআপে করে গরু নিয়ে চলে যাচ্ছে চোরের দল। এ সময় এক চোরকে আমরা ২ ভাই মিলে জাপটে ধরলে অন্য এক চোর আমাদের দিকে লক্ষ্য করে গুলি করলে আমরা গুলিবিদ্ধ হই।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক আহসান হাবিব বলেন, গরু চুরি ও গুলিবিদ্ধের ঘটনায় গরুর মালিক মহিম উদ্দীন বাদি হয়ে অজ্ঞাতনামা ৩জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। গুরু চুরির সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।