গোয়েন্দা পুলিশের হাতে ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর হাজী চাঁন্দমিয়া সওদাগর রোডের এনাম কলোনীর সামনে অভিযান চালিয়ে ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মোরশেদ প্রকাশ ডাকাত মোরশেদ (৩৫), মো. আবদুল হাকিম (২৫), মো. ফরহাদ মিয়া (২৩), মো. মোকতাদির (২৮) ও মো. এয়ার আলম (২৫)।
বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, একটি কার্তুজ, দুইটি চাপাতি, চারটি ছুরি, হাতুড়ি ও গ্রিল কাটার উদ্ধার করা হয়েছে।
নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (উত্তর) জাহেদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা দিনের বেলা বিভিন্ন এলাকায় গিয়ে ফেরি করে বেড়ায়। তারা বাসা-বাড়িতে রেকি করে। পরে রাতে সুযোগ বুঝে ডাকাতি করে। যেসব বাড়িতে প্রবাসী রয়েছে এবং কোনো পুরুষ সদস্য থাকে না সেসব বাড়িতে তারা টার্গেট করে বেশি।