আরো ৫৫ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: পতেঙ্গায় সিটি মেয়র
দক্ষিণ পতেঙ্গায় সাড়ে ২৬ কোটি টাকার বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধন করা হলো। আগামীতে ওয়ার্ড এলাকার উন্নয়নের জন্য আরো ৫৫ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দক্ষিণ পতেঙ্গায় মুক্তিযোদ্ধা ভবনসহ সাড়ে ২৬ কোটি টাকার বাস্তবায়িত প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন। এ সময় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের হাতে ভবনের চাবি হস্তান্তর করেন।
বিগত সময়ে এই ওয়ার্ডের কাঙ্খিত উন্নয়ন হয়নি উল্লেখ করে মেয়র বলেন, বিগত সময়ে এই ওয়ার্ডের কাঙ্খিত উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়নি। কেন হয়নি তা আমার চেয়ে এলাকাবাসীই ভাল জানবেন। আমাদের মেয়াদের আমরা যত প্রকল্প গ্রহণ করেছি বিগত সময়ে তা করা যায়নি। এর পেছনে সমুহ কারণ জড়িত। বিগত সরকারের আমলে দেশে বর্তমানের মত এত বড় বাজেট বরাদ্দ করা হয়নি। আবার সংশ্লিষ্ট জনপ্রতিনিধির লক্ষ্য, দূরদর্শীতার বিষয়ও রয়েছে।
তিনি বলেন, ২০১৫-১৬ থেকে ২০১৯-২০ অর্থ বছরে আমার দায়িত্ব পালন সময়ে ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড এলাকায় মোট ১৪৯ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার টাকার উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা, এডিপি, থোক বরাদ্দ বাবদ অর্থ সহায়তায় ওয়ার্ডে এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
জানা গেছে, প্রকল্প বাস্তবায়নে বিজয় নগর রাস্তাসমুহের উন্নয়নে ব্যয় হয়েছে ১৫ কোটি ৬১ লাখ ৬৪ হাজার ৯’শ টাকা। নিজাম মার্কেট আরসিসি ড্রেইন নির্মান, গুপ্তখাল মাইজপাড়া সড়ক ও চর পাড়া রোড উন্নয়ন কাজে ব্যয় করা হয়েছে ১০ কোটি ৫৫ লাখ ৬৮ হাজার টাকা। একই প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধা মো আলাউদ্দিনের জন্য সাড়ে ২৬ লাখ টাকা ব্যয়ে একটি মুক্তিযোদ্ধা ভবন নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর আলহাজ্ব ছালেহ আহমদ, মহিলা কাউন্সিলর শাহীনুর বেগম, চসিক প্রধান প্রকৌশলী লেঃ কর্নেল সোহেল আহমেদ পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া, চসিক নির্বাহী প্রকৌশলী অসিম বড়ুয়া, প্রকৌশলী আবু সাদাত মো তৈয়ব, প্রকৌশলী আশিকুর ইসলাম,মোঃ আলীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, মহিলালীগ,ছাত্রলীগসহ সামাজিক, সাংস্কৃতিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। দক্ষিণ পতেঙ্গা প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।