সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ: মেয়র আ.জ.ম নাছির
সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকতা না থাকলে সমাজে সাম্য, ভারসাম্য থাকতো না। আমি সাংবাদিকদের সাথে অনেক বছর ধরে আছি। ওয়েজ বোর্ড বাস্তবায়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলন সংগ্রামে বিভক্তি বিভাজনের সৃষ্টি হয়। এ বিভাজনের সুযোগ নেন মালিকপক্ষ।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বিবার্ষিক সম্মেলন ও কৃতি সাংবাদিক সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসম্পৃক্ততা বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সাধারণ মানুষকে দেশের সব কাজে সক্রিয় করতে হবে। বঙ্গবন্ধু বাঙালিকে উজ্জীবিত করে মুক্তিযুদ্ধের পথে ধাবিত করেছিলেন।এখন দেশপ্রেম কাজ করে জাতীয় দিবসে। জনসম্পৃক্ততা বাড়লে সাফল্য আসবে।’
নগরের পরিচ্ছন্নতা কার্যক্রমে সকলকে সচেতন হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দুই বছর মাইকিং করেছি, ২০ লাখ লিফলেট বিলি করেছি কিন্তু আশানুরূপ সাড়া পাইনি। এ দেশকে গড়তে, সুন্দর, নিরাপদ বাসযোগ্য করতে সব সংকীর্ণতা পরিহার করে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।’
নগরের সড়কের বেহাল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সড়কগুলো ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। ১০ টনের উপযোগী সড়কে ৫০ টনের গাড়ি চললে সড়কগুলো না টেকারই কথা। এ ধরনের বিষয় সাংবাদিকদের তুলে ধরতে হবে। গভীরে গিয়ে বাস্তবতার নিরিখে সংবাদ পরিবেশন করতে হবে। নাগরিকদের মধ্যে দেশপ্রেম, মাটি ও মানুষকে ভালোবাসার বোধ তৈরি করতে হবে।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘বাঙালিকে যিনি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন সেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধুর সংগ্রামে পাশে ছিলো এদেশের সংবাদপত্র। সাংবাদিকদের বড় ভূমিকা ছিলো। একাত্তরে সংবাদ ভবন জ্বালিয়ে দেওয়া হয়। একজন সাংবাদিক সেই আগুনে পুড়ে শহীদ হন। ২৫ মার্চ রাতে একজন সাংবাদিক মারা যান। নিপীড়ন তুচ্ছ করে সাংবাদিকরা বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন। বাংলার মুক্তির সংগ্রামে সাংবাদপত্র ও সাংবাদিকদের বিরাট ভূমিকা রয়েছে। মুজিব বর্ষে সেই সাংবাদিকদের গভীর শ্রদ্ধা জানাই।’
সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসীন কাজী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে কৃতি সাংবাদিক হিসেবে মুক্তিযোদ্ধা-সাংবাদিক নওশের আলী খান, প্রবীণ সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজীকে সম্মাননা দেয়া হয়। সংবর্ধিত সাংবাদিকদের পরিচিতি পাঠ করেন যুগ্ম সম্পাদক সবুর শুভ। সভা পরিচালনা করেন সিইউজে সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।