চট্টগ্রামে করোনা ভাইরাস সংক্রমণের সর্তকতা
চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক থাকায় বিভিন্ন প্রকল্পে চীনা নাগরিকরা বাংলাদেশে কাজ করছেন। কাজের সুবাদে চট্টগ্রামেও অনেক চীনা নাগরিক বসবাস করেন। এদিকে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নতুন একটি ভাইরাস সংক্রমণের কারণে আতঙ্কিত সারা বিশ্ব।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে চট্টগ্রামের সব হাসপাতালে ইতিমধ্যেই মেডিকেল টিম গঠন করা হয়েছে। বিমানবন্দর ও নৌ-বন্দরে মেডিকেল টিমের চিকিৎসকরা সার্বক্ষণিক স্ক্যান করে দেখছেন বিদেশ থেকে আসা যাত্রীদের।
সোমবার করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক না ছড়ানোর জন্য এক জরুরি সভা ডাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ওই সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘এ ভাইরাস বাংলাদেশে এখনও আসেনি। তবে সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সচেতনতাই পারে এ ভাইরাস প্রতিরোধ করতে। জরুরি প্রয়োজনে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শ নেবেন।’
করোনা ভাইরাস সংক্রমণের সর্তকতা প্রসঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা একটা মেডিকেল টিম তৈরি করেছি। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ৫টা শয্যার ব্যবস্থা করেছি এবং ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশানের যে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন অনুযায়ী যদি রোগী শনাক্ত হয় সেভাবে চিকিৎসা দেওয়া হবে।’