কর্ণফুলীতে ইটভাটা গুড়িয়ে দিয়ে ৩০ লক্ষ টাকা জরিমানা
কর্ণফুলী উপজেলার জুলধায় স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে অপর দুটি ইট ভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
২৭ জানুয়ারি (সোমবার) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে জুলধার ৩টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স ইআরবি ব্রিকস নামে একটি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে। মেসার্স পায়রা ব্রিকসকে ২০ লক্ষ ও এসটিবি ব্রিকসকে ১০ লক্ষ জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ মোবাইল কোর্ট/এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে র্যাব-৭, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম সক্রিয় অংশগ্রহণ করে।