প্রেমের টানে ব্রিটিশ যুবক চট্টগ্রামে বিয়ের পিঁড়িতে
প্রেমের টানে সুদূর লন্ডন থেকে চট্টগ্রামে এসেই সোজা বিয়ের পিঁড়িতে বসলেন লন্ডনের বাসিন্দা গ্রাহাম। তার প্রেয়সীর নাম ফেরদৌসি কবির মুক্তা।
বাংলাদেশের ছেলেদের প্রেমের টানে বিদেশিনীদের এ দেশে আগমনের খবর প্রায়ই সংবাদমাধ্যমে প্রকাশ হয়। তবে এবার প্রেমের টানে চট্টগ্রামে ছুটে এসেছেন ব্রিটিশ তরুণ গ্রাহাম স্টুয়ার্ট।
চট্টগ্রামে এসেই সোজা বিয়ের পিঁড়িতে বসলেন লন্ডনের বাসিন্দা গ্রাহাম। তার প্রেয়সীর নাম ফেরদৌসি কবির মুক্তা। সে চট্টগ্রামের সন্দ্বীপের হুমায়ুন কবির হেলালীর মেয়ে।
বিয়ের আগেই গ্রাহাম স্টুয়ার্ট মুসলমান হয়েছেন। নাম পাল্টে রেখেছেন সাইমন কবির। এরপর বাঙালি মুসলমানের রীতি অনুযায়ী মুক্তাকে বিয়ে করেন তিনি।
বর্তমানে চট্টগ্রামের কোতোয়ালী থানার লাভলেন এলাকায় শ্বশুর বাড়িতে অবস্থান করছেন গ্রাহাম স্টুয়ার্ট ওরফে সাইমন কবির।
ফেরদৌসি কবির মুক্তার বাবা হুমায়ুন কবির হেলালী জানান, মুক্তা ২০১৭ সালে লন্ডনের নটিংহাম ইউনিভার্সিটিতে পড়তে যান। লন্ডনে পড়াকালীন গ্রাহামের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো তাদের। পারিবারিকভাবে বিয়ের কথা উঠলে ধর্মীয় বিষয়টি সামনে আসে। পরে গ্রাহাম ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেয়।
“ইসলাম গ্রহণের পর গ্রাহাম আমাদের পারিবারিক টাইটেল ‘কবির’ গ্রহণ করে তার নাম রাখে সাইমন কবির”, বলে জানান মুক্তার বাবা।
তিনি আরও বলেন, বাংলাদেশের সামাজিকতার বিষয়টি তাকে জানানোর পর সে এখানে এসে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। গত ১৪ ডিসেম্বর গ্রাহামে দেশে আসে। এরপর থেকে সে আমাদের বাসায় আছে।
বাঙালি রীতি অনুযায়ী ২৬ ডিসেম্বর গায়ে হলুদের অনুষ্ঠান হয়। ২৭ ডিসেম্বর চট্টগ্রাম নগরে পারিবারিকভাবে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।
হুমায়ুন কবির হেলালী আরও বলেন, লন্ডনে মুক্তা ও সাইমনের এক দফা বিয়ের অনুষ্ঠান হয়েছে। সেখানে তাদের পরিবারের লোকজন ছিল। ২৯ ডিসেম্বর মুক্তা ও সাইমন লন্ডনে চলে যাবে।