চন্দনাইশে চলন্ত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চালকের মৃত্যু


চট্টগ্রামের চন্দনাইশে চলন্ত সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে এর চালক মারা গেছেন। তবে ওই অটোরিকশায় কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে।

সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক শওকত আলী পারভেজ বলেন, ওই সিএনজির পেছনে আমি ছিলাম। হঠাৎ করে ওই সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস আসতে দেখেছি।

যদিও তাৎক্ষণিক নিহত চালকের পরিচয় ও গাড়িটির সন্ধান মিলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাফিক পুলিশের সিগন্যাল পেয়ে অটোরিকশাটি ঘোরানোর সময় অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে আগুন লেগে যায়। পরে ঘটনাস্থলেই আগুনে পুড়ে ড্রাইভারের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওই অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। সেই আগুনে চালক পুড়ে ছাই হয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নেভায়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়েছে। পুলিশ চালকের পরিচয় শনাক্তে কাজ করছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.