কেউ কাউকে জায়গা করে দেয় না, করে নিতে হয়: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা কথা মনে রাখতে হবে কেউ কোনদিন জায়গা করে দেয় না, জায়গাটা করে নিতে হয়। সেভাবেই সংগঠন তৈরি করতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করতে হবে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণভবনে সকাল ১০টায় সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, নারীদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে। আমি জানি আমাদের এতোজন প্রার্থীর মধ্যে দিতে পারবো মাত্র ৪৮ জনকে। কিন্তু যে যেখানে আছে, এই যে আপনাদের নেতৃত্ব দেবার যে আকাঙ্ক্ষা, এটা কিন্তু নমিনেশন না পেলেও যেনো হারিয়ে না যায়। এটা ধরে রেখেই কিন্তু নিজের স্থানটা নিজের করে রাখতে হবে। একটা কথা মনে রাখতে হবে কেউ কোনদিন জায়গা করে দেয় না, জায়গাটা করে নিতে হয়। এবং সেভাবেই সংগঠন তৈরি করতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করতে হবে।
তিনি বলেন, আমাদের ৩০০ আসনের নির্বাচনটা কিন্তু উন্মুক্ত, সেখানে মেয়ে ক্যান্ডিডেট (প্রার্থী) পাওয়া বেশ কষ্টকর। অনেকে চান, কিন্তু আমরা দেখেছি অনেকে সেটা পারেন না। সেই ক্ষেত্রে আমরা চাইবো ভবিষ্যতে যেনো আরও বেশি মেয়েদেরকে সরাসরি ভোটে আমরা প্রার্থী করতে পারি। একেবারে জনগণের কাছে তৃণমূলে গিয়ে কাজ করে তাদের আস্থা, বিশ্বাস অর্জন করতে হবে।