মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু


কক্সবাজারের রামু উপজেলার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ জাহেদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জাহেদ ওই উপজেলার ধোয়াপালং পূর্বপাড়ার নুরুল ইসলাম ওরফে নুরুর ছেলে। এ ঘটনায় আহত ফরহাদ মাহমুদ ইমু হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার শাকের আহমদের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ঘনকুয়াশার রাতে কক্সবাজারমুখী দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে বাই-সাইকেলের সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের কক্সবাজারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.