মিরসরাইয়ে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের মিরসরাইয়ে জিয়াউল হাসান জুয়েল (২২) নামে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১০ টায় উপজেলার মিঠানালা ইউনিয়নের নতুন রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাদিমুছা এলাকার আলি রাজা ভূঁইয়া বাড়ির বাসিন্দা। খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত জুয়েল মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো। গতকিছু দিন আগেও জুয়েলর সাথে এলাকার এক মাদক ব্যবসায়ির সাথে ঝামেলা হয়েছিলো। ওই ঘটনার জেরে হয়তো তাকে খুন করা হয়েছে।
মিঠানালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছি। তবে কে বা কারা তাকে খুন করেছে তা জানি না। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফাহিম জামাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে জুয়েলের মৃত্যু হয়। আমরা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ নিয়ে যায়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।