চট্টগ্রামে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজারে বাসায় ঢুকে নিহত সুমন সাহা (৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত ১১টার দিকে রিয়াজউদ্দিন বাজারের আব্দুল্লাহ সিদ্দিকী রোডের আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন সাহা রিয়াজউদ্দিন বাজারের আব্দুল্লাহ সিদ্দিকী রোডে আরএস টাওয়ার নামে একটি ভবনের দ্বিতীয় তলায় ব্যাচেলর বাসায় থাকতেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-দক্ষিণ) নোবেল চাকমা বলেন, আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় ব্যাচেলর হিসেবে থাকতেন সুমন। রাতে তার বাসায় গিয়ে কিছু লোক তাকে পেটায়। এতে তার মৃত্যু হয়। শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। পাওনা টাকার বিরোধ নিয়ে এই ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।