রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৪
রাজধানীতে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুরের শিয়ালবাড়ির পাশে হাজী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক মো. মিজান, তার স্ত্রী মুক্তা, তাদের মেয়ে লিমা, এবং এই ৩ জনকে বাঁচাতে যাওয়া যুবক অনিক।
স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির কারণে রাজধানীর হাজী রোড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিরপুরের হাজিরোড সংলগ্ন ঝিলপাড় বস্তির পাশের সড়কে প্রচণ্ড বৃষ্টিতে জমে থাকা পানিতে হেঁটে যাওয়ার সময় একই পরিবারের তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাদের বাঁচাতে গিয়ে অনিক নামে আরও এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।