চট্টগ্রামে ডেঙ্গুতে তিন নারীর মৃত্যু, শনাক্ত ১০৩
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ১০৩ ডেঙ্গু রোগী।
রোববার (২০ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মারা যাওয়া তিনজন হলেন, চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন জামালপুর গ্রামের নাসরিন আকতার (৩৭), নগরীর সদরঘাট এলাকার রাজলক্ষ্মী শর্মা (৫৯) এবং একই এলাকার নারী রোমানা আকতার (২৪)।
প্রতিবেদনে জানানো হয়, নাসরিন আকতার গতকাল শনিবার নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাজলক্ষ্মী শর্মা গত শুক্রবার আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোমানা আকতার গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে বৃহস্পতিবার ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সিভিল সার্জন অফিসের প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয়, গত ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে ৪৪ জন মারা গেছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন চার হাজার ৬১১ জন। তাদের মধ্যে বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ২৪৯ জন। অবশিষ্ট চার হাজার ৩৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১০৩ জনের মধ্যে ৩২ জন সরকারি হাসপাতালে এবং ৭১ জন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে শনাক্ত হয়েছেন। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ১৫ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ২৫ জন, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২২ জন এবং প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোতে ৮৮ জন চিকিৎসাধীন রয়েছেন।