বাঁশখালীতে ভারি বর্ষণে দেয়াল ধসে শিশুর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে ভারি বর্ষণে বাড়ির মাটির দেয়াল ধসে মো. মিজবাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে উপজেলার সাধনপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত মিজবাহ সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও গ্রামের কৃষক রফিউল আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল হামিদ জানান, রাতের কোনো এক সময় দেয়াল ধসে শিশুটি মারা যায়।শিশুটির বাবা কৃষিকাজ করেন। আর্থিক অনটনে আছে শিশুটির পরিবার। তাই বর্ষা আসার আগে বাড়িও মেরামত করতে পারেনি। অতি বৃষ্টির কারণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, দেয়াল ধসে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।