সীতাকুণ্ডে কাভার্ডভ্যান উল্টে দুমড়ে মুচড়ে গেল প্রাইভেটকার, অক্ষত ৪ জন
চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়ার ঘটনা ঘটেছে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলেও ভেতরে থাকা চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আগ্রাবাদ কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, সীতাকুণ্ড মহাসড়কে একটি কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের ওপর পড়েছিল। এরপর ফৌজদারহাটের একটি দল গিয়ে তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
বারোআউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আল্লাহ রক্ষা করেছেন। নয়তো এ রকম দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেশি থাকে। প্রাইভেটকারে থাকা চার যাত্রীর মধ্যে শুধু চালক হালকা ব্যথা পেয়েছেন।