মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় গাড়ির চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বুধবার (২৬ জুলাই) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- চালক মো. মাহবুব (৩৫) ও গাড়িতে থাকা যাত্রী মো. মাইনুদ্দিন (৩৭)। মাহবুব কুমিল্লার বুড়িচং উপজেলার মো. সোবহানের ছেলে। মাইনুদ্দিন একই এলাকার ফুল মিয়ার ছেলে।
আহতরা হলেন- মাইনুদ্দিনের স্ত্রী মৌসুমী (৩৫), দুই ছেলে মেজবা (৮) ও মাহাতাব (৫)।
কুমিরা হাইওয়ে থানা পুলিশের তেরিআল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন বলেন, আজ ভোরে কক্সবাজার থেকে কুমিল্লা যাওয়ার পথে মিরসরাইয়ের হাদিফকিরহাট বাজারে রাস্তার পাশে থামানো একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে ধাক্কা দেয় একটি গাড়ি। এতে চালকসহ দুজন নিহত হয়েছেন। চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে।