নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের
বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন বিএনপি বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে বিদেশিদের মনোযোগ আকর্ষণ করে আগামী জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
শুক্রবার (২১ জুলাই) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সংবিধানের বাইরে কারও চক্রান্ত বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সংবিধানবিরোধী তৎপরতার কাছে আওয়ামী লীগ আত্মসমর্পণ করবে না।
বিএনপি ‘এক দফা’ ঘোষণার পর থেকে সারাদেশে হত্যাযজ্ঞে মেতেছে উঠেছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কথায় কথায় দফা দিচ্ছে, বিদেশিরাও দফা দিচ্ছে। বিএনপির একটাই দফা শেখ হাসিনাকে হটাতেই হবে। প্রধানমন্ত্রীকে যেখানে পদত্যাগ করতে বলছে সেখানে তারা ডায়ালগ করবে কার সঙ্গে।
তিনি আরও বলেন, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। আফ্রিকান দেশগুলোতে নির্বাচন নিয়ে প্রতিনিয়ত সমস্যা। এগুলো মেটাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানাই। বাংলাদেশের সংকট নিয়ে বিদেশিদের এতো মাথা ব্যথা না থাকলেও চলবে।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় অনেককে গ্রেফতার করা হয়েছে। প্রার্থী যে-ই হোক তার ওপর হামলা গ্রহণযোগ্য নয়। সরকার ব্যবস্থা নিচ্ছে।
তিনি বলেছেন, আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। সংবিধান অনুযায়ী বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন হবে। কারও চক্রান্তমূলক রাজনৈতিক অভিলাষ বাস্তবায়ন হতে দিতে পারি না। বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। তাদের তৎপরতার কাছে সারেন্ডার করতে পারি না।
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন মায়া, কাজী জাফরুল্লাহ, ডক্টর আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সহ সম্পাদকমণ্ডলীর অন্যান্য সদস্যবৃন্দ।