হালদা নদীতে ‘পরিপূর্ণ ডিম’ ছেড়েছে মা মাছ
আষাঢ়ের বৃষ্টির ছোঁয়ায় হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। দিবাগত রাত ৯ টা থেকে নদীতে দলবেধে জাল ফেলে ডিম সংগ্রহ করছেন জেলে ও সংগ্রহকারী। হালদা নদীর আমতুয়া, রামদাস হাট, মোবারখিল এলাকা থেকে সংগ্রহকারীরা মা মাছের ডিম সংগ্রহ করছেন।
জেলেরা জানিয়েছেন, হালদায় পরিপূর্ণ ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। জেলেদের পাশাপাশি বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
ডিম সংগ্রহকারী আবু সৈয়দ, আবদুল গফুর জানিয়েছেন রাত ৯ টা থেকে মা মাছ ডিম ছেড়েছে।
হাটহাজারীর গড় দুয়ারা এলাকার জেলে আবুল ফজল বলেন, ‘আজ রাতে ডিমের পরিমাণ বেশি দেখা যাচ্ছে, আশা করছি আজ সারারাত ডিম সংগ্রহ করা যাবে।’
হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জানান, ‘দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। বজ্রবৃষ্টি আর পাহাড়ি ঢলে হালদা নদীতে প্রয়োজনীয় পরিবেশ তৈরী হয়েছে। জেলেরা রাত জেগে ডিম সংগ্রহ করছেন।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরির তথ্যানুসারে, ২০২১ সালে হালদায় ডিম সংগ্রহের পরিমাণ ছিল ৮ হাজার ৫০০ কেজি। রেণু পোনা হয়েছিল ১০৫ কেজি। এর আগে ২০২০ সালে নদীতে ডিম সংগ্রহের পরিমাণ ছিল সাড়ে ২৫ হাজার কেজি, যা এর আগের ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।