মানিকছড়িতে কাভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ২


খাগড়াছড়ির মানিকছড়িতে কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কের গাড়িটানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের হাটহাজারীর মুনিয়া পুকুরপাড় এলাকার মাহবুব আলমের ছেলে লেদু ওরফে বাছা মিয়া (৩৫) ও একই এলাকার বাদশা মিয়ার ছেলে মো. মোতালেব (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তিনটহরী বাজার থেকে ব্যবসায়ী মো. মোতালেব হোসেন আম কিনে সিএনজিচালিত অটোরিকশাযোগে চট্টগ্রামে যাচ্ছিলেন। অন্যদিকে কাভার্ড ভ্যানটি মানিকছড়ি আসছিল। পথে গাড়িটানা এলাকায় দুটি গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মো. মোতালেব হোসেন ও বাছা মিয়ার মৃত্যু ঘটে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম বলেন, খবর পেয়ে পুলিশ গাড়ি দুটি জব্দ ও লাশ উদ্ধার করে। কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.