চট্টগ্রামে ইন্সুরেন্স কোম্পানীর নারী কর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
চট্টগ্রামের আনোয়ারায় ইন্সুরেন্স কোম্পানীর এক নারী কর্মীকে গণধর্ষণের মামলায় মোঃ আরিফ (২৫) নামের এক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর একটি দল।
সোমবার (৫ জুন) চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানাধীন আসকর দিঘীর দক্ষিণ পাড় এলাকায় থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ আরিফ আনোয়ারা থানার গুনদ্বীপ গ্রামের মোঃ জাফরের ছেলে।
র্যাব সূত্র জানা যায়, কক্সবাজার জেলার চকরিয়ার, চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকায় একটি ইন্সুরেন্স কোম্পানীর এক নারী কর্মী চাকুরীরত অবস্থায় চাকুরীর সুবাধে তাকে আনোয়ারা এলাকায় বসবাস ও চলাচল করতে হত। গত ২৪ মে ওই কর্মী তার বাসা হতে মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হলে রাত আনুমানিক ১০.৪০ মিনিটের সময় আনোয়ারা থানাধীন বারশত এলাকা হতে একটি সিএনজিতে উঠেন। সিএনজি চালক আসামী মোঃ নঈম কিছু দূর যাওয়ার পর পথিমধ্যে আসামী আরিফ, ফরহাদ এবং রাজুকে সিএনজিতে নেয়। পরবর্তীতে সিএনজি চালক এবং তার সহযোগী ৩জন ভিকটিমকে একটি পরিত্যাক্ত বিল্ডিং এ নিয়ে গিয়ে রাত আনুমানিক সাড়ে ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত জোরপূর্বক গণধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষকরা ভিকটিমকে সিএনজিতে করে নির্জন জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর হতে মামলার আসামীরা আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে ধর্ষকদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে র্যাব-৭। নজরদারীর এক পর্যায়ে র্যাব গোপন সূত্রে জানতে পারে যে, ধর্ষণ মামলার আসামী মোঃ আরিফ চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন আসকর দিঘীর দক্ষিণ পাড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল গত ৫ জুন ওই স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আরিফকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে গণধর্ষণের ঘটনার সাথে জড়িত স্বীকার করলে গ্রেফতারকৃত আসামী মোঃ আরিফকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।