চান্দগাঁওয়ে নিখোঁজের ৫ দিন পর শিশুর মরদেহ উদ্ধার


চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা এলাকায় নিখোঁজের পাঁচদিন পর রহিম (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ মে) দিবাগত রাত তিনটার দিকে স্থানীয় গোলাপের দোকান মাজার গেইটে নির্মাধীন ভবন থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু পশ্চিম মোহরার সেলিম উদ্দীনের ছেলে। পশ্চিম মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ঘটনায় ২ জনকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। আটককৃতরা হলেন- আজম খান ও হৃদয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু রহিমকে গত ২৯ এপ্রিল বিকেলে টাকার জন্য প্রতিবেশী আজম খানের নেতৃত্বে অপহরণ করা হয়। ওইদিনই শিশুটিকে নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এরপর সেখানে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। শিশুটি নিখোঁজ হওয়ার দিনেই থানায় সাধারণ ডায়েরি করেন তার পিতা।

তিনি আরও জানান, বুধবার আজম খানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার তথ্যের ভিত্তিতে দিবাগত রাত তিনটার দিকে শিশু রহিমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.