রোহিঙ্গা ক্যাম্পে আরসার সঙ্গে পুলিশের গোলাগুলি, নিহত ২
কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উখিয়ার ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
এ সময় আরসা সদস্যদের গুলিতে নূর হাবা (৫০) নামে এক পথচারী ও পুলিশের গুলিতে আরসার সদস্য মো. হাসিম (৩২) নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, দুপুরের দিকে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল ক্যাম্প ১৮ এর এল/১৭ ব্লকে মসজিদের পাশে পাহাড়ের পাদদেশে কয়েকটি ঘর ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আশপাশের গলি ও পাহাড় থেকে আরসার অস্ত্রধারী ২০-৩০ জন সন্ত্রাসী গুলি ছুড়লে পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। এ সময় আরসার গুলিতে এক পথচারী নিহত হন। ঘণ্টাব্যাপী গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটু দূরে আরসার শীর্ষ নেতা হাসিমের মরদেহ উদ্ধার করে। এরপর আশপাশের ঘরে তল্লাশি চালিয়ে এক আরসা সন্ত্রাসীকে আটক করা হয়।
পুলিশ জানায়, নিহত আরসা সদস্য হাসিম চাঁদাবাজি ও মাদক পাচারসহ একাধিক মামলার আসামি। তিনি ১৮ নং ক্যাম্পের বশির আহমেদের ছেলে। পথচারী নূর হাবা স্থানীয় নুরুল ইসলামের স্ত্রী। আটক আরসা সদস্য মোহাম্মদ সাদেক (৩১) ১৮ নং ক্যাম্পের নুরুল হাকিমের ছেলে।