সীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর
চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টায় সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সীতাকুণ্ডের কালুশাহনগর এলাকার বশর মাঝি বাড়ির মো. মুসার ছেলে মো. ইউসুফ (৩৪) ও নগরীর ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা এলাকার মোহাম্মদ আজিজের ছেলে আব্দুল্লাহ আল হাসান রাজু ওরফে মহিউদ্দিন রাজু (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সন্ধ্যায় ব্যবসায়ীক কাজে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম যাচ্ছিলেন তারা। মোটরসাইকেলটি মহাসড়কের ফকিরহাট এলাকা পৌঁছলে একটি পিকআপ পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার সহকারী উপ পরিদর্শক মো. আমির উদ্দিন।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।