রামুতে বন্যহাতির আক্রমণে শ্রমিকের মৃত্যু


কক্সবাজারের রামুতে বন্যহাতির আক্রমণে রশিদ আহমদ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬ টায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ভিআইপি পাহাড় তুলাগাছ নামক স্থানে বন বিভাগের জোয়ারিয়ানালা রেঞ্জের আওতাধিন সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে।

নিহত রশিদ আহমদ রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার মৃত মোহাম্মদের ছেলে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন, নিহত ব্যক্তি বনাঞ্চলের পার্শ্ববর্তী জমিতে আলু ক্ষেতে শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষে কয়েকজন শ্রমিকের সাথে বাড়ি ফিরছিলেন তিনি। সন্ধ্যায় ফেরার পথে একটি বন্যহাতি তাদের গতিরোধ করে। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রশিদ আহমদকে উপূর্যপুরি পিষ্ট করে বন হাতিটি। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

স্থানীয় রেঞ্জ কর্মকর্তা জেএম কবির উদ্দিন জানান, খবর পেয়ে সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। রামু থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত রশিদ আহমদ ২ ছেলে ও ২ মেয়ের জনক। তার মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.