কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নারী পর্যটক নিহত


কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কে পর্যটকবাহী জীপগাড়ি উল্টে মমতাজ বেগম (৬০) নামে এক নারী পর্যটক নিহত হয়েছে। এসময় চালকসহ ৭ জন আহত হয়েছে।

শুক্রবার রাত ১০টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামু উপজেলার হিমছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতের নাম মমতাজ বেগম (৬০)। তিনি পুরান ঢাকার ওয়ারী এলাকার মৃত রুহুল আমিনের স্ত্রী।

রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। হতাহতরা সকলেই পরস্পর আত্মীয়-স্বজন বলে জানা গেছে।

আহতদের বরাতে ওসি আনোয়ারুল বলেন, রাতে উখিয়া উপজেলার পর্যটন স্পট ইনানী থেকে জীপগাড়ি যোগে ১২ জন পর্যটক কক্সবাজার শহরে ফিরছিল। গাড়ীটি মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়িটির চালকসহ ৮ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করে হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

হাসপাতালের দায়িত্বরত পুলিশের এক সদস্যের বরাতে ওসি বলেন, আহতদের হাসপাতালে আনার পথে আগেই এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন সাতজনের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.