বাশঁখালীতে মাটির গর্তে ৩ কোটি টাকার ইয়াবা, আটক মাদক ব্যবসায়ী
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৯১ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ মো. শহীদ উল্লাহ (৩৫) নামে মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধায় উপজেলার সরল ইউনিয়ন মিনজিরতলা এলাকায় অভিযান চালিয়ে বসত ঘরের মাটির গর্ত থেকে পলিথিন মোড়ানো অবস্থায় এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক শহীদ উল্লাহ উপজেলার সরল ইউনিয়নের মিনজিরতলা এলাকার মৃত সৈয়দুল ইসলামের পুত্র।
এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
তিনি জানান, দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারীভাবে বিক্রয় করে আসছে মো. শহীদ উল্লাহ। তার বসত ঘরের মাটির গর্ত হতে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা ইট সাদৃশ্য সাদা পলিথিনের উপর টেপ মোড়ানো অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।