র্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট: র্যাব ডিজি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, জঙ্গিরা যতো স্মার্টই হোক না কেন, র্যাব আরও স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই, র্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট হয়েছে। সব কিছু বিবেচনায় পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজার উপলক্ষে সুনির্দিষ্ট কোনো হুমকি রয়েছে কিনা জানতে চাইলে র্যাব মহাপরিচালক বলেন, না, এখনো পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই। আমরা সাইবার মনিটরিং করছি। গোয়েন্দা নজরদারি অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি আছে।
৫০ থেকে ৬০ জন যুবক ঘর ছেড়েছে। সেটা পূজায় কোনো ধরনের হুমকি কি না? সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন?- জানতে চাইলে র্যাব ডিজি বলেন, জঙ্গিরা যতো স্মার্টই হোক না কেন? আমার র্যাব আরও বেশি স্মার্ট। আমি আশ্বাস দিতে চাই র্যাব আগের চেয়ে আরও বেশি স্মার্ট হয়েছে। ওরা যতো স্মার্টই হোক কোনো ধরনের সফলতা পাবে না।
সব কিছু বিবেচনায় পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে উল্লেখ করে ডিজি বলেন, যারা ঘর ছেড়েছেন তাদের মনিটরিং করা হচ্ছে। পূজার শেষে কিছুদিনের মধ্যে ভালো কিছু রেজাল্ট আমরা দিতে পারবো। আমরা এটা নিয়ে কাজ করছি।
র্যাব ডিজি বলেন, জাতির পিতার স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই কাজ করে যাচ্ছি। এখানে সব ধর্মের, বর্ণের মানুষ যেন তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য র্যাব ফোর্সেসসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সজাগ রয়েছে।
এ সময় র্যাব মহাপরিচালক পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপনের পরামর্শ দেন।