কর্ণফুলীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সাম্পান থেকে পা পিছলে পড়ে নিখোঁজ ব্যবসায়ী মো. বাহারুল আলম বাহারের (৬২) মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানার পুলিশ।
শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় শাহ আমানত সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাহার ভোলার দৌলতখান এলাকার মৃত বেলায়েত হোসেন হাওলাদারের ছেলে।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরাম উল্লাহ জানান, সকালে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শাহ আমানত সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় কর্ণফুলী নদীতে সাম্পানে উঠতে গিয়ে পা পিছলে পড়ে জোয়ারের স্রোতে তলিয়ে যান বাহারুল আলম বাহার। খবর পেয়ে রাতেই নদীতে তল্লাশি শুরু করে নৌ-পুলিশ। সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরীরা নদীর তলদেশে খোঁজ করলেও আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।