জালাল হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে চাঞ্চল্যকর হাজী জালাল উদ্দিন সুলতান হত্যা মামলায় কামাল হোসেন ও মোঃ রাসেল নামের ২ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ ঘটনায় সুরমা আক্তার ও নীলু আক্তার রিয়া নামের দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ডও দিয়েছেন আদালত।
রবিবার (৩১ জুলাই) দুপুরে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় প্রদান করেন।
রায়ের বিষয়ে অতিরিক্ত পিপি মোহাম্মদ নোমান চৌধুরী বলেন, হাজী জালাল উদ্দিন সুলতান হত্যা মামলায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় কামাল হোসেন, মোঃ রাসেল এবং সুরমা আক্তার আদালতে উপস্থিত থাকলেও নীলু আক্তার রিয়া অনুপস্থিত ছিলেন। এসময় আদালতে উপস্থিত থাকা ৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
জানা যায়, ২০১৬ সালের ২০ অক্টোবর সিডিএ আবাসিক এলাকার ব্যাংক কলোনির উত্তর গেইটে হাত-পা বাঁধা অবস্থায় হাজী জালাল উদ্দীন সাগরের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের ছেলে ইমাজ উদ্দিন বাদী হয়ে ডবলমুরিং মডেল থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে ২০১৭ সালের ২৮ মে মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। মামলায় এ পর্যন্ত ২২ জন স্বাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন।