রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচ থেকে ২০ লাখ টাকাসহ আটক ১


কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ড্রাম থেকে নগদ ২০ লাখ টাকাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন।

শুক্রবার (১৫ জুলাই) ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে টাকাসহ তাকে আটক করা হয়েছে।

আটক নুর বারেক (২৫) টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত খলিলুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম জানান, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করতে গেলে এপিবিএনের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা হাজী সুলতানের ঘর থেকে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন নুর বারেক। তাকে তাড়া করে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, মাটির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ২০ লাখ টাকা উদ্ধার করা হয়।

এসপি তারিকুল আরও জানান, আটক ব্যক্তি বিপুল পরিমাণ নগদ টাকা মজুতের ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা টাকাগুলো মাদকের চালান লেনদেনের। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.