নগরীতে কথা কাটাকাটির জেরে খুন, পিতা পুত্র আটক
ডেস্ক নিউজ : নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হাতে ছুরিকাঘাতে ইন্টারনেটের সংযোগের ক্যাবল অপারেটর সৌরভ খান সোহাগ (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১২ টার চকবাজার থানাধীন দেওয়া বাজারস্থ মৌসুমী এলাকায় এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় মো. শফি (৫০) ও সাকিব হোসেন (১৯) নামের দুজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা দুজন সম্পর্কে পিতা পুত্র। নিহত সৌরভ খান সোহাগ নগরীর কোতোয়ালী থানাধীন দেওয়ান বাজারের মাছুয়া ঝর্ণা এলাকার নুর ইসলাম সওদাগরের বাড়ীর হারুনুর রশীদের ছেলে। তিনি চকবাজার থানার ডিসি রোড ফরিদ ম্যানশনে বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৌসুমী আবাসিক এলাকায় রাস্তার ওপর সৌরভ খান সোহাগের সঙ্গে শফির ঝগড়া হয়। এক পর্যায়ে সোহাগ শফিকে চড় মারে। এতে ক্ষুব্ধ হয়ে হাতে থাকা লোহার পাম্পার দিয়ে সোহাগের মাথায় আঘাত করেন শফি। মারামারির সংবাদ পেয়ে শফির ছেলে সাকিব ঘটনাস্থলে এসে সোহাগকে মারধর ও এক পর্যায়ে বুকে ছুরির আঘাত করেন। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে শফি এবং তার ছেলে সাকিবকে আটক করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) বলেন, মৌসুমির মোড়ে সোহাগ নামে এক যুবককে সাকিব ও শফি নামে দুই জন ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় দুপুর সাড়ে বারোটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।