ডিজিটাল নিরাপত্তা আইনে এক ব্যক্তির তিনদিন রিমান্ড মঞ্জুর
চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রেজাউল করিম (৩০) নামের এক ব্যক্তির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন চীপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম।
সোমবার (২৭ জুন) পুলিশ বিজ্ঞ আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড প্রাপ্ত ব্যক্তি রেজাউল করিম মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার পশ্চিম দূর্গাপুর এলাকার আবদুল হাকিম মুন্সি বাড়ির আবু ছালেকের পুত্র।
মামলা সূত্রে জানা যায়, সিএমপি’র চকবাজার থানায় নওশাদ মাহমুদ রানা নামের এক ব্যক্তির ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (১) (ক) ২৬ (১) /২৯(১) ধারায় দায়েরকৃত একটি মামলায় রোববার ২৬ জুন নিজ বাড়ী থেকে রেজাউল করিমকে গ্রেফতার করে পুলিশ। যাহার চকবাজার থানা মামলা নং- ১(১০)২১ এবং জি আর মামলা নং- ১৩৩/২০২১। উক্ত মামলায় গ্রেপ্তারের পর সোমবার ২৭ জুন তাকে আদালতে প্রেরণ করে মামলার তদন্ত স্বার্থে তদন্তকারী পুলিশ কর্মকর্তা বিজ্ঞ আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে রেজাউল করিমের চাচাত ভাই, মিরসরাই জোরারগঞ্জ দূর্গাপুরের আ. হাকিম মুন্সীর বাড়ী মরহুম আবুল কালামের পুত্র ও মেসার্স আর.এস. কর্পোরেশন ও এস.এন. ট্রেড এর পরিচালক সাইফুল ইসলাম বলেন, এটি একটি পরিকল্পিত রিমান্ড। রেজাউল করিম উক্ত মামলার আসামী নয়। মামলার এজাহারে উল্লেখিত ঘটনার সহিত রেজাউল করিমের কোনরূপ সম্পৃক্ততা নাই। মামলার বাদী নওশাদ মাহমুদ রানার সাথে আমার ব্যবসায়িক দ্বন্ধের কারণে এই ঘটনা ঘটানো হয়েছে।এ বিষয়ে জানতে তদন্ত কর্মকর্তার কাছে ফোন করা হলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।