রাঙামাটিতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামীর আত্মহত্যা
রাঙামাটি শহরের ওমদামিয়া পাহাড় এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্বামী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪৫)। সে ওমদামিয়া পাহাড় এলাকার আবদুল ওদুদের ছেলে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেল চারটায় লেকে মাছ ধরার বোটে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
জানা যায়, ঋণের টাকা নিয়ে বুধবার রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যায় রফিকুল। পরে আর বাসায় ফেরেনি। বিকেলে তার মাছ ধরার বোটে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এ বিষয়ে কোতোয়ালী থানার এসআই নয়ন জানান, এলাকাবাসী খবর দেয়ার পর ঘটনাস্থল থেকে রফিকুলের লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। প্রাথমিক সুরতহালে বিষপানে আত্মহত্যা বলে জানান তিনি। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এসআই নয়ন।