চট্টগ্রামে জাহাজডুবি: ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি ৪ নাবিকের
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমভি টিটু-১৪ লাইটারেজ জাহাজডুবির ঘটনায় এখনও নিখোঁজ ৪ নাবিক। ঘটনার ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। এ নিয়ে নাবিকদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
রোববার (২০ মার্চ) সকালে কোস্ট গার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ এইসব তথ্য জানান।
সবর্শেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৮ নাবিককে উদ্ধার করা হয়েছে। বাকি নিখোঁজ নাবিকদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে কোস্ট গার্ড।
কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ বলেন, শনিবার ভোর ৪টার দিকে এমভি টিটু-১৪ নামে একটি লাইটারেজ জাহাজ ডুবে যাওয়ার খবর আসে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পারকি বিচ সংলগ্ন এলাকায় ১২ নাবিক নিয়ে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শনিবার সারাদিন অভিযান চালিয়ে আটজনকে উদ্ধার করা হয়। চারজন এখনো নিখোঁজ রয়েছেন।
তিনি আরও বলেন, তাদের উদ্ধারে কোস্ট গার্ডের দুটি জাহাজ ও চারটি বোট কাজ করছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া কোস্টগার্ডের যেসব জোন আছে তারাও খোঁজ নিচ্ছে।
প্রসঙ্গত, গতকাল শনিবার (১৯ মার্চ) ভোর ৪টার দিকে এমভি টিটু-১৪ নামে একটি জাহাজ ডুবে যায়। জাহাজটি আবুল খায়ের গ্রুপের। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল। এটি বন্দরের বহির্নোঙর থেকে চট্টগ্রাম সি বিচের দিকে যাচ্ছিল। বালুবাহী বার্জের ধাক্কায় লাইটারেজ জাহাজটি ডুবে গেছে বলে জানায় কোস্টগার্ড।