বৃটিশ হাই কমিশনারকে নিয়ে বিজয়নগর ছড়ার পাড় পরিদর্শনে চসিক মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা না গেলে উন্নয়নের সুফল দৃশ্যমান হবে না। ইউএনডিপি (এলআইইউপিসি) প্রকল্প গ্রহণ করে বিজয় নগর ছড়ার পাড়ে যে পরিবর্তন সাধন করেছে তাতে তাঁরা অভিনন্দন পাওয়ার দাবী রাখে।
তিনি বলেন, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই মানুষের ভূমিকা রয়েছে। মানুষ চাইলে নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারে। এফসিডিও, ইউএনডিসি, এলজিডি’র আর্থিক ও কারিগরী সহায়তায় এবং স্থানীয় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজ সোমবার সকালে উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিজয় নগর ছড়ার পাড়ে সিডিসি’র জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রকল্পের কাজ উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি একথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ হাই কমিশনার মি. রর্বাট চ্যাটার্টন ডিকসন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, জাতীয় প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) মো. মাসুম পাটওয়ারী, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী, ক্লাইমেট চেইঞ্জ টিম লিডার জন ওয়ার বার্টন, কাউন্সিলর জহুরুল আলম জসিম, সংরক্ষিত কাউন্সিলর তসলিমা বেগম নুরজাহান, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রোগ্রাম ম্যানেজার ফারজানা মুস্তাফা, ইউএনডিপির টাউন ম্যানেজার মো. সরোয়ার হোসেন খান।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ হাই কমিশনার মি. রর্বাট চ্যাটার্টন ডিকসন বলেন, বিজয় নগর ছড়া একটি পাহাড় ঘেরা অঞ্চল। এখানকার প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীকে ঐক্যের বন্ধনে একত্রে বসবাস করে দেখে আমি মুগ্ধ হয়েছি। তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারা এগিয়ে যেতে চায়। তাদের এগিয়ে যাবার আগ্রহকে আমি সাধুবাদ জানাই। তাদের এই আগ্রহ চলমান থাকলে তারা সুন্দর জীবনের অধিকারী হতে পারবেন একথা দৃঢ়তার সাথে বলা যায়। তিনি চসিক মেয়রকে এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধন শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও বৃটিশ হাই কমিশনারসহ সফরকারী প্রতিনিধি দলকে সাথে নিয়ে প্রকল্প এলাকার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন।