বিদেশ যেতে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
জমি বিক্রি করে নয়, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ভিসার জন্য অতিরিক্ত অর্থ না দিতেও পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জমি বিক্রি করে নয়, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এ বিষযে নির্দেশ দিয়েছেন যাতে বিষয়গুলো ব্যাপক প্রচারণায় আনা হয়। পাশাপাশি আমাদের দেশেও কিন্তু ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে। এগুলোর জন্য কর্মী পাওয়া যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে লাখ লাখ শ্রমিক লাগবে। কোথায় কী পরিমাণ কী কাজে শ্রমিক লাগবে তা জেনে প্রশিক্ষণ নিয়ে দেশেই আয় করার সুযোগ তৈরি হচ্ছে।
তিনি বলেন, যারা বিদেশে যাবেন তারা যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখে এবং না জেনে কাউকে অতিরিক্ত কোনো টাকা না দেয়। প্রয়োজনে তারা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে যেতে পারে। ব্যাংক নিয়োগ সম্বন্ধে নিশ্চিত না হয়ে কোনো টাকা দেবে না। এতে তার নিরাপত্তা বাড়বে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী টেলিভিশন, রেডিও ও পত্রপত্রিকার মাধ্যমে দেশের মানুষকে এ বিষয়গুলো জানাতে সংশ্লিষ্টদের ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এ বিষয়ে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।