করোনা: চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ৫৭৪
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। তবে করোনায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫৭৪ জন। শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ।
শনিবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী জানান, চট্টগ্রামের ৯টি ল্যাবে ২ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করে ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩৩ জনই নগরীর বাসিন্দা। বাকি ১৪১ জনের মধ্যে লোহাগাড়ার ৯, সাতকানিয়ার ১১, বাঁশখালীর ৭, আনোয়ারার ৭, চন্দনাইশের ৯, পটিয়ার ৬, বোয়ালখালীর ১১, রাঙ্গুনিয়ার ১০, রাউজানের ১১, হাটহাজারীর ১৬, ফটিকছড়ির ২০, মিরসরাইয়ের ১৩, সীতাকুণ্ডের ৯ ও সন্দ্বীপ উপজেলার ২ জন রয়েছেন।
এ পর্যন্ত সর্বমোট চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত সংখ্যা ১ লাখ ২২ হাজার ৬৮৫ জন। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৯ হাজার ৩৭৮ জন। অন্যরা বিভিন্ন উপজেলার। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।